ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান বাজার নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক মাদরাসার অধ্যাপক ইজাব উদ্দীন অরফে লাবলু (৫০) নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বাড়ি হতে বিকেল ৩টার দিকে মোটরবাইকযোগে ঠাকুরগাঁও শহরের বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ইজাব উদ্দীন অরফে লাবলু বালিয়াডাঙ্গী আলী ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী ফকিরবস্তী গ্রামের বাসিন্ধা ও ঠাকুরগাঁও সদরের ভেলাজান আনছারী ফাজিল (ডিগ্রি) মাদরাসার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

ঠাকুরগাঁও সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভেলাজান বাজার-সংলগ্ন মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

স্থানীয়দের বরাতে ওই ওসি বলেন, মোটরবাইকচালক মাদরাসার অধ্যাপক ইজাব উদ্দীন অরফে লাবলু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।