চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি মামলায় এক সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে। তার নাম রহিম উদ্দিন (২৪)। শুক্রবার ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সৈয়দবাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে রহিম উদ্দিন প্রথম আলো রাঙ্গুনিয়া প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাবকে প্রাণনাশের হুমকি দেয়। রাঙ্গুনিয়া থানার এএসআই বশির আহমেদ বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৮ জুলাই রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক আব্বাস হোসাইন আফতাবকে প্রতিপক্ষ প্রাণনাশের হুমকি দেয়।