কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করা হয়েছে। এ বছর ৪০৬ শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে এ স্কলারশিপ।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তাদের স্কলারশিপ প্রদান করা হয়।
কুবির ৩৯১ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে সাড়ে আট হাজার টাকা এবং কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্থায়নে নিজ বিভাগের ১৫ শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকার স্কলারশিপ দেয়া হয়।
এ সময় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ আমিনুল ইসলাম আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো: আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আসাদুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আওয়াল চৌধুরী, বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: কামরুল ইসলাম এবং কুমিল্লার ডেপুটি কমিশনার মো: মুশফিকুর রহমান।
ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘সম্ভবত আমরাই প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় যারা ভর্তি পরীক্ষার আয় থেকে তহবিল গঠন করে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিয়েছি। গতবছর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার সাথে সঙ্গতিপূর্ণ স্পোর্টস স্কলারশিপ চালু করতে পেরে আমরা আনন্দিত। বৃত্তির এই প্রোগ্রামটি শুধু এই বছর নয়, বছরের পর বছর চালু থাকবে বলে আশা করছি।’
এর আগে, ২০২২ সালের ২৬ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ৫৮ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়। এরপর একই বছরের ১৬ নভেম্বর প্রথমবারের মতো মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ নামে বৃত্তি প্রদান করা হয়।



