বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলারের সাথে সংর্ঘষে ইঞ্জিনচালিত-নৌকাডুবিতে নিখোঁজ দু’জনের মধ্যে রণজিৎ হালদার রঞ্জনের (৫৫) লাশ তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন রঞ্জনের চাচাত ভাই লিঙ্কন হালদার (৩৫)।
সোমবার বিকেল পৌনে ৫টার দিকে সন্ধ্যা নদীর নলশ্রীর দুর্ঘটনা-কবলিত এলাকা থেকে জেলের জালে জড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গত শুক্রবার রাত ১১টার দিকে বিদেশ গমনেচ্ছু শিশির হালদারকে বানারীপাড়া ফেরিঘাটে পৌঁছে দিয়ে মাছ ধরা ছোট আকারের ইঞ্জিনচালিত-নৌকা নিয়ে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন তার বড় ভাই সুজন হালদার, চাচাত ভাই রণজিৎ হালদার রঞ্জন ও লিঙ্কন হালদার। ওই সময় সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী একটি ট্রলারের সাথে তাদের নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। ওই সময় স্থানীয় লোকজনের সহায়তায় সুজন নদীর তীরে উঠতে পারলেও রণজিৎ ও লিঙ্কন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস-কর্মীরা ওই রাতেই উদ্ধার অভিযান শুরু করে। দু’দিন ধরে অনুসন্ধান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের কোনো খোঁজ পাননি।



