বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ট্রলারের সাথে সংর্ঘষে ইঞ্জিনচালিত-নৌকাডুবিতে নিখোঁজ লিঙ্কন হালদারের (৩৫) লাশ চার দিন পর উদ্ধার করেছে স্থানীয়রা। এর আগে, একই ঘটনায় নিখোঁজ লিঙ্কনের চাচাত ভাই রণজিৎ হালদার রঞ্জনের (৫৫) লাশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সন্ধ্যা নদীর নলশ্রী এলাকায় ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত শুক্রবার রাত ১১টার দিকে বিদেশ গমনেচ্ছু শিশির হালদারকে বানারীপাড়া ফেরিঘাটে পৌঁছে দিয়ে মাছ ধরা ছোট আকারের ইঞ্জিনচালিত-নৌকা নিয়ে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন তার বড় ভাই সুজন হালদার, চাচাত ভাই রণজিৎ হালদার রঞ্জন ও লিঙ্কন হালদার। ওই সময় সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী একটি ট্রলারের সাথে তাদের নৌকার সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। ওই সময় স্থানীয় লোকজনের সহায়তায় সুজন নদীর তীরে উঠতে পারলেও রণজিৎ ও লিঙ্কন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস-কর্মীরা ওই রাতেই উদ্ধার অভিযান শুরু করে। দু’দিন ধরে অনুসন্ধান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের কোনো খোঁজ পাননি।

পরে, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে সন্ধ্যা নদীর নলশ্রীর দুর্ঘটনা-কবলিত এলাকা থেকে জেলের জালে জড়ানো অবস্থায় রণজিৎ হালদার রঞ্জনের লাশ উদ্ধার করা হয়।