পাবনার সাঁথিয়ার নাগডেমরা ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো সংঘর্ষ হয়েছে। দু’পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও সংঘর্ষে সাবেক চেয়ারম্যান আবু তালেবসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পাবনা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। গত তিন দিনে এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চেয়ারম্যান হাফিজুর রহমানের সমর্থক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবু তালেব সোনাতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের সমর্থকরা তাকে বেদম মারধর করে। এ খবর জানাজানি হলে চেয়ারম্যান হাফিজুর রহমানের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নাগডেমরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সাবেক চেয়ারম্যান আবু তালেবকে মারধর করায় এলাকায় আবারো দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।