আগামী ২৩ মে অনুষ্ঠিতব্য বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে আওয়ামী দোসর সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ কবির আহমেদ মিটুকে অবাঞ্ছিত ঘোষণা করে তার প্রার্থীতা বাতিলের জন্য নির্বাচন কমিশনের প্রতি শ্রমিকদলের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেলে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

এসময় বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী শ্রমিকদলের জেলা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল এবং সাধরণ সম্পাদক পদ প্রার্থী শহর শ্রমিক দলের সদস্য সচিব সমাছুজ্জামান সামছুকে বিজয়ী করার জন্য বিএনপি নেতাদের আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কবির আহমেদ মিঠু ফ্যাসিস্টের দোসর। তিনি বিগত দিনে আ’লীগ নেতা শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানকসহ জেলা নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার প্রার্থীতা বাতিলের জন্য নির্বাচন কমিশনের নিকট অভিযোগ দিলেও তারসহ কয়েকজন দোসর প্রতিদ্বন্দ্বিতা করছেন।’ এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সরকার মুকুল, সদস্য সচিব রাকিবুল ইসলাম শুভ, শ্রমিকদলের সোহরাব হোসেন লাইজুসহ অন্য নেতারা।

উল্লেখ্য, এ নির্বাচনে শ্রমিকদল, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। উত্তরাঞ্চলের সর্ববৃহত এ সংগঠনের ২১ হাজারের অধিক ভোটার ভোট দেবেন।