যাকাতভিত্তিক অর্থনীতির মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেছেন, ‘জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। যেখানে ধনী-গরিবের কোনো বৈষম্য থাকবে না। যেখানে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ থাকবে না। বিচারহীনতার সংস্কৃতি থাকবে না, কোনো দলীয়করণ থাকবে না।’
ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে যাবতীয় অপরাধ নির্মূল করতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ অধিকার আদায়ের সংগ্রাম করছে, ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কারণ মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হয়েছে। মানুষের তৈরি আইনে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় না, হবেও না। ইসলামী সমাজ বিনির্মানের মাধ্যমে সোনার বাংলা গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।’
বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে রাজধানীর কোতয়ালী থানা এলাকায় জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষের দাওয়াতি অভিযানে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী প্রতিবাদ করায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের আওয়ামী লীগ বিচারের নামে হত্যা করেছে। জামায়াতে ইসলামীর নেতারা জীবন দিয়েছে তবু ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, দেশ বিক্রি করেনি। আগামীতেও জামায়াতে ইসলামী এদেশে ভারতীয় আধিপাত্যবাদ বিস্তার করতে দিবে না। এজন্য জনগণকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।’
ইসলামের দুশমনরা একেকবার একেকরূপে আত্মপ্রকাশ করে। যেরূপে আত্মপ্রকাশ করুক না কেন, ইসলামের দুশমনদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘কথিত নারী সংস্কার কমিশন কোরআনের বিধান বাদ দিয়ে নারীদের সংস্কার সুপারিশ করেছে। যেখানে নারীদের মর্যাদার পরিবর্তে অসম্মানিত এবং অবজ্ঞা করা হয়েছে। তিনি কথিত নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল করে কোরআন ও হাদিসের আলোকে নারীদের কল্যাণে ও মর্যাদায় করণীয় নির্ধারণ করতে আহ্বান জানান।’
এ সময় কোতয়ালী থানা জামায়াতে ইসলামীর আয়োজিত গণসংযোগ অভিযানে থানা আমির মতিউর রহমান, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শামছুল হক খোকন, ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাফেজ আব্দুস সালাম, পেশাজীবী বিভাগের পরিচালক মো: ইকবাল হোসেন শিকদার, ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



