বগুড়ার শেরপুর উপজেলায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় চার মহিলা ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা। বুধবার সকালে ছোনকা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামের তাছলিমা (২৭), তাকনিন (১৯), শাহিনুর বেগম (৩৭), রিনা বেগম (৩৭)। তাদের কাছে তিন বছরের একটি মেয়ে শিশু রয়েছে।
অটোচালক জহুরুল ইসলাম জানান, শেরপুর বাসস্ট্যান্ড থেকে উপজেলার সিমাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী স্বপ্না পারভিন সিমাবাড়ীতে নিজ কর্মস্থলের যাওয়ার জন্য রওনা হন। মির্জাপুর এলাকা থেকে ভূমি কর্মকর্তা তার পরিচিত এক ছেলেকে উঠিয়ে নেয়। ওই সময় ওই গাড়িতে চারজন মহিলা চান্দাইকোনা যেতে চাইলে ড্রাইভার পাঁচজনকে নিতে অস্বীকৃতি জানান। পরে ছিনতাইকারী চার নারী বিভিন্ন অজুহাতে তাদের পেছন ছিটে উঠে বসে। কিছুদূর যাওয়ার পরে ওই চার মহিলা অটোর মধ্যে টাকা ছিটিয়ে দিয়ে ভূমি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে। এভাবে একাধিকবার টাকা ছিটিয়ে পড়ে যাচ্ছে বলে উঠাতেই ভূমি কর্মকর্তার গলা থকে চেইন নিয়ে নেয়। পরে ড্রাইভার ঘটনাটি বুঝতে পেরে ছোনকা এলাকায় গাড়িটি থামিয়ে স্থানীয়দের সহয়তায় তিনটি চেইনসহ তাদের আটক করে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, তাদের নাম ঠিকানা যাচাই-বাছাই চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।