চুয়াডাঙ্গা-২ (জীবননগর-দামুড়হুদা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর ইউনিয়ন) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মির্জা শাহরিয়ার লল্টু, সিইসির আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করলে আদালতের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের আপিল বিভাগ থেকে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন বলে সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও ভোটের আমেজ লক্ষ করা যায়।
মির্জা শাহরিয়ার মাহমুদ লল্টু বলেন, প্রার্থিতা বাতিল সংক্রান্তে মঙ্গলবার দুপুরের দিকে হাইকোর্টের আপিল বিভাগে শুনানি হয়। শুনানি শেষে দায়িত্বপ্রাপ্ত বিচারপতি নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে এবং আমার প্রার্থিতা ফিরিয়ে দেয়ার আদেশ প্রদান করেন। এই অবস্থায় মির্জা লল্টুর সংসদ সদস্য পদে নির্বাচন করতে আর কোনো বাধা নেই।

নির্বাচন কমিশন যাচাই-বাছাইকালে ভোটারদের নমুনা স্বাক্ষর ও তথ্যের গরমিল থাকায় তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা । ইসির আপিল আবেদনের শুনানিতেও প্রার্থিতা বাতিল হয়ে যায়। পরে তিনি হাইকোর্টের আপিল বিভাগে আবেদন করলে আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেয়ার আদেশ দেন। মির্জা শাহরিয়ার মাহমুদ লল্টু জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং তারা চার ভাই বীর মুক্তিযোদ্ধা। তিনি চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি মরহুম মির্জা সুলতান রাজার ছোট ভাই ও ঢাকাস্থ চুয়াডাঙ্গা সমিতির দীর্ঘ দিনের সাধারণ সম্পাদক। মির্জা শাহরিয়ার লল্টু ২০১৮ সালে দলীয় মনোনয়ন চাইলেও সে সময় তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মির্জা শাহরিয়ার মাহমুদ লল্টু প্রার্থিতা ফিরে পাওয়া চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি নিজের এবং মরহুম ভাই রাজা মিয়ার ইমেজকে কাজে লাগিয়ে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবেন বলে নেতাকর্মীদের বিশ্বাস। উল্লেখ্য, এ আসনে আ’লীগের হেভিওয়েট প্রার্থী তিনবারের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের অ্যাডভোকেট রবিউল ইসলাম, জাসদ মশাল প্রতীকের দেওয়ান ইয়াসিন উল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের আব্দুল লতিফ যুবরাজ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন ট্রাক প্রতীকের হাসেম রেজা, ঈগল পাখি প্রতীকের নুর হাকিম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।