বগুড়ার শেরপুর উপজেলায় ঘরের তীরে সাথে গলায় ফাঁস দিয়ে হাইদুল ওরফে সাইদুল (২৮) নামের এক চাল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নে ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হাইদুল ওই এলাকার আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়রা জানায়, ব্যবসায় লোকশান হয়ে অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন হাইদুল। কিছু দিন ধরে পাওনাদাররা টাকার জন্য চাপ সৃষ্টি করে। বুধবার হাইদুলের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি ঘরে একা ঘুমান।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় গলায় গামছা পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

হাইদুলের বাবা আব্দুল হামিদ জানান, ‘প্রতিদিন ভোরে উঠে চাল কিনতে বের হয়। কিন্তু আজ সাড়ে ৮টা বেজে গেলেও ঘুম থেকে উঠেনি। তখন দরজার কাছে গিয়ে ডাকাডাকি করি, কোনো সাড়া পাইনি। পরে জানালার ফাঁক দিয়ে দেখি যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ নামায়।’

নাম প্রকাশে স্থানীয় কয়েকজন জানায়, চালের ব্যবসা করে লোকশান হয়েছে তার। প্রায়ই তার বাড়িতে পাওনাদার এসে টাকার জন্য চাপ দিতে দেখা যায়। এই ঋণের জন্যই তিনি আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা।

শেরপুর থানা উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ‘খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’