রংপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আপনারা জানেন যে আমেরিকাসহ যারা মুক্তিযোদ্ধার সময় আমাদের বিরোধিতা করেছিল, তারা এখনো আমাদের বিরোধিতা করছে। তারা বলতে চাইছে, এই নির্বাচন সঠিক নয়।’
বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘নির্বাচন যদি ভালো না করেন, তাহলে তারা কথা বলবে। বিএনপি-জামায়াত বলবে, মানুষ ভোট সেন্টারে যায়নি, তারা আমাদের বিরোধিতা করছে।’
মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী হোসেন আরা ডালিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন প্রমুখ।
বাংলাদেশ ছাত্রলীগের পীরগাছা উপজেলা শাখার সভাপতি আল নাহিয়ান অভি এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান শুভসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



