রংপুর-৩ (সদর-আংশিক সিটি করপোরেশন) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই প্রচারণা শুরু করেন। এছাড়াও জিএম কাদেরের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির বৈঠক হয়। বৈঠকে দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে উপদেষ্টা ও ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটিতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরকে আহ্বায়ক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাককে সদস্য সচিব করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, কেন্দ্রীয় যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু তৈয়ব, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ আলা উদ্দিন মিয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক মোঃ মাসুদ নবী মুন্না ও সদস্য সচিব মোঃ মাসুদার রহমান মিলনকে। সদস্য করা হয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯০ জনকে।
এদিকে দুপুরে নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টি কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ইয়াসিরের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ। তারাও ভোটারদের হাতে হাতে জিএম কাদেরের সালাম ও লিফলেট পৌঁছে দেন। এ সময় নেতৃবৃন্দ ভোটারদের সাহস নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। ভোট দেয়া এবং ভোট গননা শেষ করে ফলাফল নিয়ে ফিরতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারা। কোনোরকম কারচুপি করার চেষ্টা করলে তা প্রতিহত করারও ঘোষণা দেয়া হয়।



