চুয়াডাঙ্গার জীবননগরে দিনে দুপুরে মরিয়ম (৮) নামে এক শিশু কন্যাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুরে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া মাঠপাড়ার দিনমজুর ইকবাল হোসেনের মেয়ে মরিয়ম খাতুন (৮) তার দুই ছোট বোনকে নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে গোয়ালপাড়া বাজার মোড় মাঠে ঘাস কাটতে যায়। সেখানে অজ্ঞাত এক যুবক মরিয়মকে পার্শ্ববর্তী একটি ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। তার দুই বোন তাদের বড় বোনকে না পেয়ে বাড়িতে চলে যায়। এ ঘটনার কয়েক ঘণ্টা পর মরিয়মের গলা কাটা লাশ ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখা যায়।
নিহত মরিয়মের এক ছোট বোন আরজিনা খাতুন (৭) পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তারা মাঠে ঘাস কাটতে গেলে এক যুবক তাদেরকে বুধবারও একই সময় উত্ত্যক্ত করেছিল। সেই একই যুবককে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালপাড়া মাঠে দেখা যায় এবং তার বোন মরিয়মকে জোর করে ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে যায়। এ সময় তারা বাড়িতে চলে যায়। প্রত্যক্ষদর্শী শিশু আরজিনা ওই যুবককে দেখলে চিনতে পারবে তবে, নাম জানে না।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন, ঘটনাটি নির্মম ও লোমহর্ষক। ঘটনার সাথে জড়িত যেই হোক তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জীবননগর থানার ওসি এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হবে। জড়িতকে শনাক্ত করতে সব ধরনের পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
জীবননগরে ৮ বছরের শিশু কন্যাকে গলা কেটে হত্যা
চুয়াডাঙ্গার জীবননগরে দিনে দুপুরে মরিয়ম (৮) নামে এক শিশু কন্যাকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুরে। পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের...



