নিখোঁজের এক দিন পর হেলাল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ। ওই যুবক নবীনগর উপজেলার সাহেবনগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। শুক্রবার সকালে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের পশ্চিমপাড়ার কৃষিজমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হেলালের মা পিয়ারা বেগম বলেন, আমার ছেলেকে তার বউ প্রতিনিয়ত মারধর করতো, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে এসেছে। এখানে কি করে এলো, কিভাবে মারা গেলো কিছুই বুঝতে পারছি না। এই মৃত্যুর সাথে তার শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে। হেলালের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে ।
নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, নারায়ণপুর গ্রামে কৃষিজমিতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করেছে। লাশের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রচণ্ড ঠাণ্ডার কারণে তার শরীর শক্ত হয়ে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।