পিরোজপুরের মঠবাড়িয়ায় বকুল বেগম (৪৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বকুল বেগম টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেচকী গ্রামের কৃষক বাদল খানের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

শনিবার দুপুরে নিজ বসত বাড়ির পেছনের ধানক্ষেত থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ভেচকী গ্রামের কৃষক বাদল খান মঠবাড়িয়া শহরের ছেলে বেল্লালের বাসায় বেড়াতে যান। গ্রামের বাড়িতে স্ত্রী বকুল বেগম একাই ছিলেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফেরেন। এ সময় স্ত্রী বকুলের সাড়া না পেয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখে তাকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায় বসতঘরের পেছনে ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে প্রতিবেশীরা উপস্থিত হয়ে থানায় খবর দেন। আজ দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায় ওই গৃহবধূর মৃত্যু রহস্যজনক। তবে মৃত্যুর কারণ উদঘাটন করা যায়নি।

তবে নিহত গৃহবধূর ছেলে বেল্লাল খান বলেন, অনেক আগে থেকে মায়ের মাথায় কিছুটা সমস্যা ছিল। মাকে ডাক্তার ও ফকির দেখানোর জন্য আমরা চেষ্টা করছিলাম।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।