ঘন কুয়াশার কারণে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে কোয়াশা কেটে গেলে পৌনে ১১টায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। যানবাহন পারাপারও আস্তে আস্তে স্বাভাবিক হয় বলে বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়।
এর আগে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় এ রুটের উভয় পাড়ে বেশকিছু যানবাহন আটকে থাকায় যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগ পোহায়।
দৌলতদিয়াঘাট বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো: মোরশেদ আলম জানান, শনিবার দিবাগত রাত ৩টার পর থেকে কোয়াশার কারণে এ রুটে ফেরি চলাচল না করতে পারায় বন্ধ করে দেয়া হয়। এরপর রোববার সকাল পৌনে ১১টায় কোয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝ নদীতে দুটি ফেরি ও সড়কে কিছু যানবাহন আটকা পড়ে।
এরুটে ছোট-বড় ১১টি ফেরি নিয়মিত চলাচল করায় দ্রুত সময়ে পারাপার স্বাভাবিক হয়ে যায়। তবে পদ্মা সেতু চালু হওয়ার পূর্বের তুলনায় বর্তমান এ রুটে যানবাহনের চাপ কম থাকায় আগের মতো এ রুটে ভোগান্তি নেই বললেই চলে।



