কনকনে শীতে গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
দেবিদ্বার হাজী আবদুস সামাদ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বিকেলে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মসজিদ, মন্দির ও সেবা আশ্রমের মাঠে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবি মানুষ ও এতিমদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আবদুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সরকার দেলোয়ার হোসেন, হযরত আবু বকর সিদ্দিক (রা:) জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান, সাবেক খতিব মাওলানা রফিকুল ইসলাম, মরিচাকান্দা কালি মন্দিরের পুরোহিত নারায়ণ চন্দ্র, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক সন্জিব দেবনাথ, সমাজ কর্মী মুহাম্মদ কাজল, স্থানীয় আবুল কালাম আজাদসহ প্রমুখ।
দেবিদ্বার হাজী আবদুস সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সরকার দেলোয়ার হোসেন বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে মানবিক সেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। মানবিক জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।
তবে তিনি আরো বলেন, ভবিষ্যতে শীতার্থ মানুষের ঘরে ঘরে শীত বস্র পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যহত থাকবে।



