পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে শনিবার দিবাগত গভীর রাতে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাংবাদিক জুলফিকার আমীন সোহেল ও এজাজ চৌধুরী রোববার দুপুরে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি জিডি করেছেন। সোহেল দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি এবং উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত রুহুল আমীন আকনের ছেলে। এজাজ দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি এবং পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন চৌধুরীর ছেলে।
সাংবাদিক জুলফিকার আমীন সোহেল জানান, তিনি পত্রিকায় কাজ করার পাশাপাশি এমবি টিভি নামে একটি অনলাইন পেজ পরিচালনা করেন। এ পেজে তিনি বিভিন্ন ভিডিও সংবাদ, বিভিন্ন দৃশ্য আপলোড করেন। বর্তমানে চলমান দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন প্রার্থীর প্রচারণা আপলোড করে আসছেন। এতে দুর্বৃত্তরা ২৩ ডিসেম্বর শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় প্রথমে তাকে +৮৮০৩০০৯৪৫৫০ নম্বর দিয়ে হত্যার হুমকি দেয়। দ্বিতীয় দফায় রাত ১২টা ৩৭ মিনিটি একই ব্যক্তি +৩০০৯৪৫৫০ নম্বর দিয়ে স¦তন্ত্র প্রার্থী ডা: মো: রুস্তুম আলী ফরাজির ঈগল প্রতীকের প্রচারণা করায় হত্যার হুমকি দেয়। এ সময় হুমকিদাতা অন্য এক স¦তন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণার আহ্বান জানান। তার নাম জানতে চাইলে র‌্যাব নাসিরের চাচাতো ভাই সবুজ বলে পরিচয় দেন। সাংবাদিক এজাজ চৌধুরী বলেন, তার ‘মঠবাড়িয়া সমাচার’ নামে অনলাইন পেইজে স¦তন্ত্র প্রার্থী বর্তমান সংসদ ডা: মো: রুস্তুম আলী ফরাজির ঈগল প্রতীকের বেশ কয়েকটি প্রচারণা আপলোড দেয়ায় শনিবার দিবাগত রাত ১১টা ৫৭ মিনিটে ওই একই নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেয়। এ ছাড়া আরো বেশ কয়েকজন সাংবাদিককে অচেনা অনলাইন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া হয় বলে সাংবাদিকরা জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহল গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। মঠবাড়িয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের শনাক্ত-পূর্বক আইনের আওতায় আনার চেষ্টা করছি।