বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটোরিয়াতে আরবি একাডেমি বাংলাদেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় আরবি একাডেমির নির্বাহী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সভাপতিত্বে এবং হাফিজুর রহমান বাবুর সঞ্চালনায় এ সভায় অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক. ড. মোহা: সাখাওয়াত হোসেন, আরবি বিভাগের অধ্যাপক মো: মতিউর রহমান-২, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া খানম, উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিউল ইসলাম এবং আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: কামারুজ্জামান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, আরবি সাহিত্য ও শিল্পকলার ভাষা হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধারাবাহিক অবদান রেখে আসছে। এ ভাষায় বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্য রচিত হয়ে থাকে। ২২টি রাষ্ট্রের রাষ্ট্রীয় ভাষা আরবি। আরবির সাথে এ জনপদের মানুষের সম্পর্ক অতি নিবিড়। বর্তমান সময়ের চাহিদা পূরণ করে এ সম্পর্ককে আরো বহুমাত্রিক পর্যায়ে নিতে আরবি শিক্ষিতদের এগিয়ে আসতে হবে। তিনি আরবি কবিতা ও শিল্পকলার দীর্ঘ ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুমাইয়া খানম বলে, ভাষা আমাদের অনুভূতিকে প্রচার করার বাহন। বাংলা আমাদের মাতৃভাষা। তাই আমরা এ ভাষায় কথা বলে থাকি। ধর্মীয় দিক থেকে আরবি আমাদের আত্মায়, রক্তে ও সত্তার মধ্যে রয়েছে। এভাবে বাংলাও আমাদের আত্মায় ও রক্তে মিশে আছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ইংরেজি ভাষাও শিখতে হবে। কারণ ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ায় সব ক্ষেত্রেই আমাদের ইংরেজি প্রয়োজন।
আরবি বিভাগের অধ্যাপক মো: মতিউর রহমান-২ বলেন, আমরা আরবি নিয়ে অনেকে হীনম্মন্যতায় ভুগি। অনেকে ধর্মীয় ফ্লেভার দিয়ে ঢাকতে চায়। যদি আরবি নিয়ে মনের মধ্যে দুর্বলতা কাজ করে তাহলে তা আমাদের। এ জন্য আমরা এ বিভাগে পড়াশোনা করলেও আরবিকে মর্যাদা দিতে পারছি না। দেশের বহু মানুষ যারা মধ্যপ্রাচ্যে চাকরি বা কাজ করতে যাচ্ছেন তাদের আরবি ভাষার ওপর দক্ষতা থাকলে আরো ভালো ফলাফল পাবে। সেসব মানুষের কাছেও আরবিকে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে আরবি কবিতা আবৃত্তি করেন অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, ড. সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. মো: মতিউর রহমান, ড. সামিউল ইসলাম, ড. মো: হাবিবুল্লাহ, সাখাওয়াত হোসেন, মাহাদী হাসান, শরিফুল ইসলাম ও জেসমিন খাতুনসহ আরো অনেকে। আরবি ও বাংলা গান পরিবেশন করেন, হাফিজুর রহমান বাবু, জাকিরুল ইসলাম, জামিলুর রহমান, আবদুল ওয়াদুদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদকে সভাপতি করে রাজশাহী ইউনিভার্সিটি এরাবিক ক্লাব প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। আরবি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ও বিকাশ সাধনের লক্ষ্য নিয়ে এ ক্লাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।