খাগড়াছড়ির পানছড়িতে চিকিৎসকের প্রাইভেটকারের ধাক্কায় সুশান্ত চাকমা নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পানছড়ির বাসস্ট্যান্ডের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুশান্ত চাকমা পানছড়ির কোড়াবাড়ী এলাকার বিক্রম সেন চাকমার ছেলে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক চিকিৎসক রাজেন্দ্র ত্রিপুরাও আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ রাজেন্দ্র ত্রিপুরা পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শেষে করে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে খাগড়াছড়ি আসছিলেন। পথে পানছড়ির বাসস্ট্যান্ডের পোড়াবাড়ি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহত অবস্থায় উদ্ধার করে রাজেন্দ্র ত্রিপুরাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তিনি সেখানে পুলিশের প্রহরায় রয়েছেন।
ডা. রাজেন্দ্র ত্রিপুরার সহকর্মী ডা. নয়নময় ত্রিপুরা জানান, মেডিক্যাল ক্যাম্প শেষ করে ফেরার সময় অটোরিকশার সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক মারা যান। এ ঘটনায় চিকিৎসক রাজেন্দ্র ত্রিপুরা আহত হন। তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে ক্ষুদ্ধ এলাকাবাসী হাসপাতালটি ঘিরে চিকিৎসকের গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ইতিপূর্বেও তিনি কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



