নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যাচার করছে স্বতন্ত্র প্রার্থী বলে মন্তব্য করেছেন নৌকা প্রতীক প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, গত ২০ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু উচ্চ আদালত থেকে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনী মাঠে নৌকার কর্মীদের ওপর একের পর এক হামলা-মামলা করে চলছেন। নিজেরা বিভিন্ন ঘটনা সৃষ্টি করে উল্টো আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে থানা সহ নির্বাচন কমিশনে অভিযোগ করছেন।

তিনি আরো বলেন, গতকাল সোমবার বিকেলে মাইজখার ইউনিয়নের গজারিয়া সিএনজি স্টেশনে উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সির ওপর যে হামলা হয়েছে তা মোটেও আমাদের কাম্য নয়। কারণ সে জনপ্রতিনিধি। তবে এ ঘটনার সাথে আমার কোনো লোক জড়িত আছে এ প্রমাণ স্বতন্ত্র প্রার্থী দিতে পারবে না। আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আপনারা সাংবাদিকেরা খোঁজ নিয়ে দেখেন তার শরীরের কোনো কোপের দাগ নেই, মূলত তার গাড়ি ভাংচুরের গ্লাস ভাঙায় কেটে গেছে শরীরের বিভিন্ন অংশ। কিন্তু স্বতন্ত্র প্রার্থী টিটু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং নিজের রাজনৈতিক ফায়দা লুটতে ভাইস চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় আমাদের দোষারোপ করে বিবৃতি দিচ্ছেন। 

আমাদের নেতা-কর্মীদের মারধর, নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ধর্মীয় উস্কানিসহ নানা অভিযোগ এনে আমি নিরুপায় হয়ে নির্বাচন কমিশনে ৫টি অভিযোগ করেছি। চান্দিনার সুষ্ঠু নির্বাচনী পরিবেশ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, সদস্য জাকির হোসেন আজাদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মফিজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোসেলহ উদ্দিন, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য শামীম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।