হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের সন্তান ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাবেক শিক্ষার্থী শানিরুল ইসলাম শাওন ৪৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। মঙ্গলবার বিকেলে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে চূড়ান্ত তালিকায় মোট দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন বুটেক্সের ৪০তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী শানিরুল ইসলাম শাওন। এর আগে ৪১তম বিসিএসে শাওন বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।