পাবনার সাঁথিয়ায় নাগডেমরা ইউনিয়নের সেলন্দা বাজারে স্বতন্ত্র প্রার্থী ড. অধ্যাপক আবু সাইয়িদ এর ট্রাকমার্কার প্রচারণায় বাধা, হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান, দুপুরে সাঁথিয়া উপজেলার কয়েকটি গ্রামে গণসংযোগের উদ্দেশে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদসহ নেতা-কর্মীরা গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় সেলন্দা বাজারে নৌকা প্রতীকের সমর্থক নাগডেমরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে পথরোধ করে। তারা আমাদের ওপর ইট পাটকেল ছোড়ে ও কয়েকজনকে মারপিট করে প্রচারণা বন্ধ করতে হুমকি দেয়। পুলিশ খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উদ্ধার করে।
৬৮, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে নৌকার প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির মোবাইলে যোগাযোগ করলে তার একান্ত সচিব মামুন জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার সমর্থকদের ওপর হামলা করেছে বলে শুনেছি ।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ড. অধ্যাপক আবু সাইয়িদ বলেন, আমার গাড়ি বহরে হামলা চালিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাঁথিয়া থানা পুলিশকে জানিয়েছি।
সাঁথিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।



