দীর্ঘ ২৪ দিনের আইনি লড়াইয়ের পর অবেশেষে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তহমিনা আখতার মোল্লা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি শেষে সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান তিনি।
প্রাথমিক বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। পরে তিনি নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। সেখানেও তার প্রার্থিতা বাতিল হলে, তিনি উচ্চ আদালতে আপিল করেন।
স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আখতার মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ ২৪ দিন আইনি লড়াইয়ের পরে প্রার্থিতা ফিরে পেয়েছি। প্রার্থিতা ফিরে পেতে ৫ ডিসেম্বর থেকে লড়াই করছি। প্রার্থিতা পাওয়ার ব্যপারে আমি আশাবাদী ছিলাম। শেষপর্যন্ত আমার জয় হয়েছে।
তিনি আরো বলেন, বিগত সময়ে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করেছি। আমার বিশ্বাস ঠাকুরগাঁওয়ের মানুষ আমাকে এবার সংসদ র্বিাচনে তাদের ভোট দিয়ে বিজয়ী করবে। আমি সবার কাছে দোয়া চাই।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এক শতাংশ ভোটারের সমর্থন না থাকার অভিযোগে তাহমিনা মোল্লার মনোনয়নপত্র বাতিল করেন।



