প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে হাতের ওপরে এডিট করে ঈগল বসিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদার। বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন একটি চিত্র পোস্ট করে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলীয় প্রতীক নৌকার পরিবর্তে ঈগল যুক্ত করে প্রচারের মাধ্যমে সাধারণ মানুষ বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতাদের।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার জানান, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। আর দলের প্রধান শেখ হাসিনা। সে ক্ষেত্রে আচরণবিধি অনুযায়ী শুধু নৌকাকে শেখ হাসিনার ছবির সাথে যুক্ত করে প্রচারণা চালানো যাবে। অন্য কোনো প্রতীকের সাথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে প্রচারণা চালানো আচরণবিধি লঙ্ঘন। আর যেখানে প্রার্থী নিজেই তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডিতে এই চিত্র ব্যবহার করে ভোট প্রার্থনা করেছেন, সেখানে আচরণবিধি অবশ্যই লঙ্ঘন হয়েছে। এ ছাড়া মাহবুবুর রহমান যেহেতু দলের পদে আছেন, সে ক্ষেত্রে তিনি দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করেছেন। আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো এবং সেই সাথে নির্বাচন কমিশন বরাবরও লিখিত অভিযোগ দেয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার ও কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, স্বতন্ত্র প্রার্থী কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। কেউ এ ধরনের কাজ করলে সেটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়বে। প্রার্থী নিজে তার ফেসবুক আইডিতে এ ধরনের চিত্র পোস্ট করে থাকলে সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য অভিযুক্ত মাহবুবুর রহমান তালুকদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পটুয়াখালী-৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই আচরণবিধি ও একের পর এক বিভ্রান্তমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বির্তকের সৃষ্টি করছেন তিনি এবং তার কয়েকজন কর্মী।