কুমিল্লার চান্দিনা বাজারের একটি স্টেশনারি দোকানে দেয়াল ও গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা ব্যবসায়ীর ১২ লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণসহ তিন লাখ টাকার মালামাল লুটে নিয়েছে চোরেরা। গত বুধবার রাতে চান্দিনা উপজেলা সদরের মধ্য বাজারের ‘মেসার্স সাহা ট্রেডার্সে’ এই চুরির ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে দোকান খুলে এ ঘটনা দেখেন দোকানীরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে চান্দিনা থানা পুলিশ।
জানা যায়, চোরের দল ওই দোকানের পেছনের দেয়াল ভেঙে দেয়ালের সাথে থাকা বাড়তি নিরাপত্তার গ্রিল কেটে দু’টি দরজা কেটে ভেতরে ঢোকে। দোকানে সিসিটিভি ক্যামেরা থাকলেও চুরির আগে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে তারা ক্যামেরার ক্যাবল কেটে দেয়।
চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।