পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সাংবাদিককে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে ২৭ ডিসেম্বর বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সাংবাদিক সমাজের আয়োজনে এ কর্মসূচিতে সাংবাদিকদের পাশাপাশি সুধী সমাজের লোকজন অংশ গ্রহণ করেন।
এ সময় মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে ও রিপোর্টার্স ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় দুষ্কৃতকারীদের শনাক্ত-পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন সাবেক পৌর প্রশাসক আরিফ উল হক, প্রভাষক জুলহাস শাহীন, প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, রিপোর্টার্স ক্লাব সহ-সভাপতি মুন্সী নাসির উদ্দিন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আল নোমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল প্রমুখ।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা: রুস্তুম আলী ফরাজীর ঈগল প্রতীকের প্রচারণার সংবাদ করায় গত ২৩ ডিসেম্বর শনিবার দিবাগত গভীর রাতে মোবাইল ফোনে সাংবাদিক জুলফিকার আমীন সোহেল ও এজাজ চৌধুরীকে হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা।