কুমিল্লার চান্দিনায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হারং গ্রামের বক্সীর পোল এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয়রা এ ঘটনা দেখে পুলিশে খবর দেয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত নেতাকর্মীরা ওই অফিসে কার্যক্রম শেষে চলে যাওয়ার পর দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের সিসি ক্যামেরায় হামলার ভিডিওর কিছু চিত্র পাওয়া গেছে। তাতে তিন ব্যক্তিকে হাতে ছেনি নিয়ে কার্যালয়টিতে প্রবেশ করে ভাঙচুর করতে দেখা যায়। নির্বাচনী অফিসের টেবিল চেয়ার, ব্যানার, পোস্টার এবং বেস্টুনিসহ জরুরি সামগ্রী তছনছ করা হয়েছে।
নৌকা প্রতীক সমর্থকদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, ‘বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’



