ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় রহিমা বেওয়া (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার গোয়ালকারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা রহিমা বেওয়া হলেন বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারী গ্রামের মরহুম কাবুল হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে লাহিড়ী হাট হতে ভাংড়ী মাল বোঝায় একটি পিকাপ বালিয়াডাঙ্গী অভিমুখে যাচ্ছিল। পিকাপটি গোয়ালকারী এলাকায় পৌঁছলে রহিমা বেওয়া নামে পথচারী বৃদ্ধা রাস্তা পারের সময় পিকাপটি চাপায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পপি রাণী তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, সড়ক দুর্ঘটনায় রহিমা বেওয়া নামের এক বৃদ্ধা আহত হলে স্থানীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়রা ঘাতক পিকাপটি আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।



