সিরাজগঞ্জের রায়গঞ্জে ঠিকাদার ও প্রকৌশলীর যোগসাজশে সরকারি রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা নতুন বাজার থেকে মালেক শেখের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকা করার জন্য জেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডারে ৮৫ লাখ ৭৯ হাজার ২০৭ টাকার পাকা রাস্তা নির্মাণের কাজ পায় মেসার্স সোহেল ডেভেলপমেন্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
মূল ঠিকাদারের কাজটি বাস্তবায়ন করার কথা থাকলেও স্থানীয় সাব-ঠিকাদার শ্যামল তালুকদার কাজটি বাস্তবায়নে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এই রাস্তার কাজ তদারকীতে উপজেলার এলজিডির কর্মকর্তাদের গাফলতি আছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। নির্মাণকাজে অত্যন্ত নিম্নমানের বিটুমিন ও পাথর ব্যবহার করে প্রায় এক সপ্তাহ পূর্বে কারপেটিং কাজ করা হয়। এ সময় স্থানীয়রা নি¤œমানের কাজে বাঁধা দিলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে কাজ শেষ করে সাব ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু এক সপ্তাহ পার না হতেই কারপেটিং উঠতে শুরু করে। এ সময় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা হাত দিয়ে টেনে টেনে কারপেটিং উঠাতে শুরু করেন।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ ও ঠিকাদারের সাথে কথা বলার জন্য একাধিকবার মোবাইলে রিং দেয়া হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।



