ভোলার লালমোহন উপজেলায় জমি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। বাকি পাঁচজন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজারে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের আহতরা হলেন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শহর আলী, মাহে আলম, নাছির, মো: হেলাল, শামীম, হোসেন এবং মো: শামীম।
জানা যায়, একই এলাকার রহিম, হোসেন, মাজেদ আলী, পাঞ্চত আলী, করিম, পারভেজ, শামীম, হাসান ও নজরুল গংদের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে শহর আলী গংদের। ওই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার দিনের বেলায় বাড়িতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতের বেলায় ডাওরি বাজারে পূর্বপরিকল্পিতভাবে ঐক্যবদ্ধ হয়ে টেঁটা ও দেশীয় অস্ত্রসহ শহর আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় শহর আলীর স্বজনরা তাকে হামলা থেকে রক্ষা করতে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে টেঁটাবিদ্ধ হয় মাহে আলম ও নাছির। বাকিরা দেশীয় অস্ত্রের আঘাতে জখমপ্রাপ্ত হন।
কালমা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: আকবার হোসেন বলেন, আমরা উভয় পক্ষের আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তারা সুস্থ হলে উভয় পক্ষকে নিয়ে বসে সুষ্ঠু ফয়সালা করা হবে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এস এম মাহবুব উল আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।