কুড়িগ্রামে আবারো বেড়েছে শীত ও কুয়াশার তীব্রতা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সকাল ৭টায় কুড়িগ্রামের আবহাওয়া অফিস জানিয়েছে, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা আগামীতে তাপমাত্রা আরো কমতে পারে।
এ অবস্থায় ঘন কুয়াশার সাথে নেমে আসা হিমেল হাওয়া কনকনে ঠান্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সময়মত কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষেরা। বিশেষ করে দুর্ভোগে পড়েছে নদ-নদীর অববাহিকার চরাঞ্চলের হতদরিদ্র মানুষজন।
এ বিষয়ে সদরের মোগলবাসা ইউনিয়নের সাতকুরারপড় এলাকার সোবহান আবু তালেব, মীর হোসেন বলেন, এখনি হাত-পা কাজ করছে না, বরফ হয়ে গেছে এত ঠান্ডায় কৃষি কাজ করা মুশকিল।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ জেলার তাপমাত্রা আগামীতে আরো নিম্নগামী হবে। তবে আগামীকাল বলা যাবে কবে নাগাদ শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
এ ব্যাপারে জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, শীতার্ত মানুষকে প্রায় ৪২ হাজার পিচ কম্বল বিতরণ করা হয়েছে।
এখনো ১০ হাজার পিচ কম্বল মজুত রয়েছে বলেও জানান তিনি।



