গাজীপুরের কালীগঞ্জে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মিরাজ হোসেন (১৭)।

সোমবার কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরাজ কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়াড়িয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে।

মিরাজের বড় ভাই মিনহাজ ও স্থানীয়রা জানান, রোববার রাতে থার্টি ফার্স্ট নাইটের আয়োজন করতে নিজ বাড়ির পাশে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিরাজ। পরে তাকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করার একপর্যায়ে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।