গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের নির্বাচনী ক্যাম্পের পাশে একটি ইলেকট্রনিক্স দোকানে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দু’জন আহত হয়েছে।
সোমবার রাত পৌনে ৯টার দিকে চকপাড়া সলিং মোড় এলাকায় মীম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্ণিচার গ্যালারী নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি চকপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সাজেদুল ইসলাম (৪০) ও একই গ্রামের আহমদ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম সহ স্থানীয়রা জানান, গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে স্থানীয় সলিং মোড়ে তার একটি নির্বাচনী ক্যাম্প তৈরি করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর ওই নির্বাচনী ক্যাম্প সংলগ্ন মীম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্ণিচার গ্যালারী নামে একটি ইলেকট্রনিক্স দোকানে বসে ট্রাক প্রতীকের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় ফুলবাড়ীয়া থেকে মাওনা অভিমুখী মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে ওই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে নির্বাচনী ক্যাম্পের পাশে ইলেকট্রনিক্স দোকানের থাই গ্লাসে গুলি লাগে। গুলির আঘাতে ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে সাজেদুল ইসলাম ও নুরুল ইসলাম আহত হন। ঘটনার পরই স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি পূর্ব পরিকল্পিত। রাত ৮টার দিকে ওই নির্বাচনী ক্যাম্প পরিদর্শনে আমার আসার কথা ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।’
তিনি আরো বলেন, এর আগেও শুক্রবার (২২ ডিসেম্বর) একই নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটে।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: আজমীর হোসেন বলেন, ঘটনার পরই শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে একটি ইলেকট্রনিক্স দোকানে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।



