খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও গুলি ছোঁড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ অন্তত পাঁচজন।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের দুর্গম মুখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরার সমর্থনে বর্মাছড়ি এলাকায় গণসংযোগে যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্মাছড়ি বাজারের প্রবেশ মুখে লাঠি-শোটা নিয়ে তাদের গতিরোধ করে ‘সন্ত্রাসীরা’ এবং দুই-তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁতে আতঙ্ক সৃষ্টি করে। পরে কিছু নেতাকর্মী খিরাম আর্মি ক্যাম্পে আশ্রয় নেয়। হামলার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারীসহ ১১ নেতাকর্মীকে অপহরণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ নৌকা প্রতীকের সমর্থকদের।
লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেম্রাচাই চৌধুরী বলেন, ‘নির্বাচনী প্রচারণায় আমাদের দলীয় নেতাকর্মীরা বর্মাছড়ি এলাকায় যায়। সেখানে আমাদের গাড়িবহর সন্ত্রাসীদের বাধার মুখে পড়ে। আমি খবরটি জানার সাথে সাথেই সেনাবাহিনীকে জানালে নেতাকর্মীদের উদ্ধার করে বর্মাছড়ি আর্মি ক্যাম্পে নেয়া হয়। বাকি নেতাকর্মীরা নাজিরহাট নানুপুর হয়ে বিভিন্ন বিকল্প সড়ক দিয়ে লক্ষ্মীছড়িতে ফিরছে বলে মোবাইল ফোনে খবর পেয়েছি।’
নেতাকর্মীর দলীয় অফিসে ফেরার পর আহত বা হতাহতের ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন বলেন, ‘গাড়ির বহরে গুলি করার কথা লোকমুখে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।’
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।



