দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে লিবারেল ইসলামিক জোটের প্রার্থী হয়ে লড়ছেন উর্মি নামের এক হিজড়া উর্মি ভাণ্ডারী। লিবারেল ইসলামিক জোটের প্রতীক একতারা।
উর্মি ভাণ্ডারী বলেন, আমার নির্বাচনী এলাকার প্রায় সব জায়গায় আমি প্রচারণা চালিয়ে যাচ্ছি। এলাকার প্রতিটি ভোটারের হাতে লিফলেট দিয়ে ভোট চাচ্ছি। পোস্টার টানানোর কাজ প্রায় শেষ। সবাই ভোট দেয়ার আশ^াস দিলেও তাদের অন্তরের খবর তো জানি না। ভালো লাগা থেকে হঠাৎ করেই রাজনীতিতে এসেছি। বাংলাদেশ সুপ্রিম পার্টিকে আমি প্রথম রাজনৈতিক দল হিসেবে বেছে নিয়েছি। দলের সাথে আমি প্রথম থেকেই আছি। আমি এই দলের একজন কেন্দ্রীয় সদস্য। বিএসপি মূলত একটি সুফিবাদী দল। সব ধর্ম-বর্ণ ও বিভিন্ন পেশার মানুষ আছে এ দলে। দল আমাকে সব বিষয়ে সহযোগিতা করছে। থার্ড জেন্ডারের মানুষদের জন্য এটি বড় পাওয়া। এটি আমার নিজের এলাকা। এখন পর্যন্ত কোনো বাধা আসেনি। পরিবারের সবাই আমাকে সহযোগিতা করছেন। আমার বন্ধুবান্ধবরা সবাই আমার জন্য কাজ করছেন। আমি চাই আমাদের যেন কেউ অবহেলা না করে। সবাই যেন ভালোবেসে কাছে টেনে নেয়। উর্মি ভাণ্ডারী বলেন, আমি জয়লাভ করলে থার্ড জেন্ডারদের যাতে অবহেলার চোখে দেখা না হয়, তারাও যেন জনগণের সেবায় অংশ নিতে পারে সে ব্যাপারে কাজ করব।