আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি চায় বাংলাদেশের সাংবিধানিক ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাক। একটা সরকারের মেয়াদ শেষ হলে আরেকটা সরকার যদি না আসে তা হলে একটা শূন্য অবস্থা সৃষ্টি হবে। একটা রাষ্ট্রের শূন্য অবস্থা তো হতে পারে না। কে চালাবে এই রাষ্ট্র। তিনি আরো বলেন, বিএনপি চায় আবার সামরিক শাসন আসুক অথবা অনির্বাচিত ব্যক্তিরা আসুক। তাদের এ স্বপ্ন পূরণ হবে না। তারা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে। মানুষ তাদের কথাকে পাত্তা দিচ্ছে না। আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার নাজিরপুর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরো বলেন, আমরা আশা করছি সবাই ভোটকেন্দ্রে যাবেন। বিএনপির স্বপ্ন কখনোই পূরণ হবে না। বিএনপি এখন ইমেজ সঙ্কটে।
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত শ ম রেজাউল করিম (নৌকা), জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল (ঈগল), জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম (লাঙ্গল) ও তৃণমূল বিএনপি মনোনীত ইয়ার হোসেন রিপন (সোনালি আঁশ) নির্বাচন করছেন। কিন্তু নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীদের ছাড়া আর কারো প্রচার-প্রচারণা দেখা যায় না।