কুমিল্লার চান্দিনায় নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার সিএনজিচালিক-অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে আহত হয়েছেন অটোরিকশাচালক শাহপরান (৩৬)। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর অনুসারী নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ নৌকার সমর্থকদের।
বুধবার (৩ জানুয়ারি) রাত ৮টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে অটোরিকশার বেশিরভাগ অংশ ও মাইকসহ সরঞ্জাম পুড়ে যায়।
আহত শাহপরান চান্দিনার বরকইট ইউনিয়নের কিছমত শ্রীমন্তপুর গ্রামের মরহুম মান্তু মিয়ার ছেলে। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
শাহপরান বলেন, ‘আমরা সিএনজিচালিক-অটোরিকশা নিয়ে নৌকার প্রচারণার মাইকিং করছিলাম। শ্রীমন্তপুর থেকে চান্দিনায় ফেরার পথে ছায়কোট প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করার পর ঈগল প্রতীকের শ্লোগান দিয়ে ১৫ থেকে ২০ জন লোক আমাদের পথরোধ করে। ওই সময় নৌকার মাইকিং করা বিল্লাল হোসেনকে অটোরিকশা থেকে নামিয়ে পিটিয়ে এবং আমাকে ভেতরে রেখে পেট্রোল ঢেলে আগুন দেয়।’
প্রত্যক্ষদর্শী আলী আশরাফ বলেন, ‘চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে দৌঁড়ে গিয়ে দেখি যে ঈগল প্রতীকের লোকজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে আমরা সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।’
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’



