আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচনে অংশ নেয়া কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমের হাতঘড়ি মার্কার প্রতীকের পক্ষে কাজ না করায় চকরিয়া পেকুয়া উপজেলা কমিটি, মাতামুহুরী আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের এ সম্পর্কিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলেও জারি করা হয় ২ জানুয়ারি সন্ধ্যায়। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সদ্য আওয়ামী লীগ থেকে বহিস্কৃত জাফর আলমের ট্রাকগাড়ি মার্কার পক্ষে কাজ করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের সাংগঠনিক উপজেলা কমিটি ও চকরিয়া পৌর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২০ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে দল থেকে বহিস্কার করা হয়। পরবর্তীতে সকল উপজেলা ও পৌর কমিটিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমের পক্ষে কাজ না করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক একযোগে কক্সবাজার-১ সংসদীয় আসনের আওয়ামী লীগের সকল কমিটি বিলুপ্ত করা হয়। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় দীর্ঘদিন পূর্বে ২ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হলেও তারা অদ্যবদি পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে পারেননি।
এদিকে বিজ্ঞপ্তি প্রকাশের পর ভোটার ও আওয়ামী লীগ নেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।



