কক্সবাজারের চকরিয়া উপজেলায় র‌্যাবের ওপর হামলার ঘটনায় চকরিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিহানুর রহমান ও সুরাজপুর মানিকপুর ইউনিয়ন যুবলীগ নেতা জাহেদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বুধবার (৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মেম্বার ও মানিকপুর উত্তর পাড়ার মনোহর আলম সিকদারের ছেলে জাহেদুল ইসলাম (৩৭) ও পৌরসভার করাইয়াঘোনা এলাকার বাদশা বলীর ছেলে মিজানুর রহমান (৩২)।
জানা যায়, গত ৩১ ডিসেম্বর ভোর পৌনে ৬টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতল এলাকায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে গেলে আসামিদের চিৎকারে তাদের পরিবার ও এলাকার লোকজন জড়ো হয়ে র‌্যাব সদস্যদের ঘিরে রাখে। পরে তারা গ্রেফতার এড়ানোর জন্য ৫০০ থেকে ৬০০ লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। পরে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকায় অভিযান বন্ধ করে দেয়া হয়।
এ ঘটনায় র‌্যাবের ওয়ারেন্ট অফিসার আজগর আলী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
চকরিয়া থানার ওসি শেখ মো: আলী বলেন, দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।