জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পুল্যাকান্দী ব্রিজ বাজার সংলগ্ন এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে প্রায় ৬ লাখ টাকা এবং ১৭ ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে ডিবির পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পুল্যাকান্দী ব্রিজ বাজার সংলগ্ন জহিরুল ইসলাম (জল্লু) মণ্ডলের ছেলে রড সিমেন্ট ব্যবসায়ী মো: মুরাদুজ্জামানের বাড়িতে গত মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে মুখোশ পরা চারজন ঘরের দরজা ভেঙে ঢুকে, সবাইকে হাত-পা বেঁধে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালঙ্কার এবং ছয় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় মুরাদের মা রাশেদা বেগম ডাক চিৎকার শুরু করলে সবার মুখ বেঁধে ফেলে, তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় সেই ঘরে মুরাদুজ্জামানের মা, তার স্ত্রী এবং দুই সন্তান ঘুমিয়ে ছিল।
বাড়ির মালিক মুরাদুজ্জামান নয়া দিগন্তকে জানান, দুর্বৃত্তরা মাঝরাতে দরজা ভেঙে আমার ঘরে ঢুকে হাত-পা বেঁধে ফেলে এবং তারা নিজেদের ডিবির পরিচয় দেয়। তাদের বর্বোরচিত আচরণ দেখে আমার মনে হয়েছে তারা ডিবির লোক না। তারা আমার ঘরে থাকা ১৭ ভরি স্বর্ণালঙ্কার এবং ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায় ।
এ দিকে সংবাদ পেয়ে বুধবার সকালে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার ক্লু উদ্ধারে ডিবি পুলিশ মাঠে নেমেছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, সেখানে যে দস্যুতা হয়েছে সেটাতে চারজন জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি । সন্দেহভাজন হিসেবে সোহেল নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে, আশাকরি খুব দ্রুত ঘটনার উদঘাটন হবে ।