কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েক দিন ধরে শীতের প্রকোপ ও ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। তীব্র শীত আর একটানা ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তুষারাচ্ছন্ন বাতাস আর ঘন কুয়াশায়সহ হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে মানুষের সাথে গবাদিপশুও। এদিকে শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বেশি। সর্দি, কাশি ও হাঁপানিজনিত রোগের প্রাদুর্ভাব গ্রামাঞ্চলে বেশি বেড়ে গেছে। শ্রমজীবী পরিবারের মধ্যবয়সী ও বৃদ্ধরা একরকম কর্মহীন হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, ব্রহ্মপুত্রের চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকা জুড়ে নেমে এসেছে কনকনে শৈত্যপ্রবাহ। ফলে তীব্র শীত আর একটানা ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবন অচল হয়ে পড়েছে। একই সাথে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। ফলে ঘন কুয়াশার কারণে যাবাহনগুলোকে দুপুর পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। উপজেলার সাহেবের চর এলাকার আবদুল আলী, রমজান মিয়াসহ অনেকেই বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিন কাজ না করলে আমাদের সংসার চলে না। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠাণ্ডা বাতাসের কারণে আমরা কাজে যেতে পারছি না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসারদের সাথে কথা বলে জানা যায়, আগের তুলনায় হাসপাতালেও এসব রোগীর সংখ্যা বেড়েছে। তবে এ পরিস্থিতিতে চিকিৎসকরা চেষ্টা করছেন তাদের চিকিৎসা দেয়ার জন্য।