গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচনের দু’টি ভোটকেন্দ্রসহ তিনটি বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বিদ্যালয়গুলোর কম্পিউটার, বই, কাগজপত্র ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে মহানগরীর বাসন থানাধীন পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কালিয়াকৈর থানাধীন বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের জন্য বিদ্যালয়গুলো নির্ধারিত ছিল। মহানগরীর তেলীপাড়ায় টেলিযোগাযোগ স্টাফ কলেজ এলাকাস্থিত বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রাইমারি গ্রাউন্ড স্টেশন সংলগ্ন অপর বিদ্যালয়টি (টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়) এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত না হলেও গাসিক’র ১৮ নম্বর ওয়ার্ডের এ বিদ্যালয়টি সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্র ছিল।

টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান আলী জানান, ‘শুক্রবার দিবাগত রাত ২টা ৪০মিনিটের দিকে নৈশ প্রহরীর মাধ্যমে বিদ্যালয়ে আগুন লাগার সংবাদটি পেয়ে আমি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে জানাই। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ, অফিস ও সাতটি শ্রেণি কক্ষসহ মোট নয়টি কক্ষ এবং কক্ষগুলোতে থাকা কম্পিউটার, বই-খাতা, কাগজপত্র ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ‘রাত পৌণে ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ল্যাপটপ, কম্পিউটার, বই-খাতা, কাগজপত্র ও আসবাবপত্রসহ স্কুল ভবনের নয়টি কক্ষ পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ দিকে, প্রায় একই সময়ে একই থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয়ের কাগজপত্র, বই-খাতা ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

জিএমপি’র বাসন থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ‘আগুনে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক এবং টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নয়টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, ‘এ দু’টি বিদ্যালয়ের মধ্যে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনের জন্য ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়।

অন্যদিকে, কালিয়াকৈর থানাধীন মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই রাতে প্রায় একই সময়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, ‘শুক্রবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা ওই বিদ্যালয়ের মেইন গেইটের ও অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা কক্ষের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায়। আগুনে কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল। আগুনে বিভিন্ন কাগজপত্র ও মালামালসহ বিদ্যালয়টির অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।