চিরিরবন্দরে বাড়ির পাশের পুকুরপাড় হতে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টায় দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
লাশটি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের উত্তর তেঁতুলিয়ার শাহ পাড়ার ভ্যানচালক বাবলু হোসেনের ছেলে রাজমিস্ত্রী খাইরুল ইসলামের (২৬)।
চিরিরবন্দর থানা পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানায়, সকালে মসজিদে যাওয়ার সময় খাইরুলের লাশ পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনী জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ডান নাক, ডান কানের লতিতে ও গোপনাঙ্গে ধারালো অস্ত্রের মাধ্যমে আঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গত ৫ জানুয়ারি দিবাগত রাতের কোনো একসময় লাশটি ঘটনাস্থলে ফেলে দেয়া হতে পারে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসনাত খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরকীয়ার জেরে হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট ও অধিকতর তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।



