পিরোজপুর জেলায় তিনটি সংসদীয় আসনে ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক। জেলায় ১ ব্যাটালিয়ন (৪৭০ জন) সেনা সদস্য ও ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। নির্বাচনকালীন যে কোনো সহিংসতা এড়াতে নিয়মিত টহল দেবে সেনাবাহিনী। ভোট গ্রহণের তিন দিন পর পর্যন্ত মাঠে থাকবে তারা।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, জেলায় তিনটি সংসদীয় আসনে ৪২০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। আমরা খোঁজ নিয়ে দেখেছি পিরোজপুর-১ আসনে ৬১টি, পিরোজপুর-২ আসনে ১৭টি এবং পিরোজপুর-৩ আসনে ৪২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনী ও বিজিবি সদস্যরা থাকবে। ভোটের দিন এ কেন্দ্রগুলোতে বিশেষভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হবে।