কক্সবাজারের পেকুয়ায় চুমকি আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
চুমকি আক্তার পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওযার্ডের ভোলাইয়াঘোনা এলাকার ওমান প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী।
শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে প্রবাসী সোহেল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
চুমকির শ্বশুড় রফিক আহমদ জানান, বিকেল ৩টার দিকে প্রবাস থেকে আমার ছেলে সোহেল মিয়া ফোনে আমার মেজ ছেলে শহীদকে জানান সোহেলের বউ রুমের দরজা বন্ধ করে গলা ফাঁস নিচ্ছে। তাৎক্ষণিক আমার ছেলে শহিদ বাড়িতে এসে জানালা দিয়ে আমার পুত্রবধূকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় বাড়ির সদস্যরা পাশের অন্যঘরে অবস্থান করছিল। ঘটনার বিষয় অবগত করে পেকুয়া থানায় ফোন দিলে পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানা যায়, গত ৬ মাস আগে সোহেল মিয়ার সাথে পেকুয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেহেরনামা আধাখালী এলাকার জাকারিয়ার কন্যা চুমকি আক্তারের সাথে বিয়ে হয়। তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের ১ মাস পর স্বামী সোহেল প্রবাসে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে লাশ উদ্ধারকারী কর্মকর্তা পেকুয়া থানার এসআই রাজেশ বড়ুয়া পিপিএম জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়েছে। আমরা খবর পেয়ে ঘরের দরজা ভেঙে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে আসি। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্ততি নেয়া হচ্ছে।



