একাধিক কেন্দ্রে ভোট কারচুপির মধ্য দিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিকে নৌকা ও ঈগল সমর্থকদের হাতাহাতির ঘটনায় নোয়াব আলী (৬০) নামের নৌকার এক সমর্থকের মৃত্যু হয়েছে। ভানী ইউপির সূর্যপুর ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থকরা ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় উপজেলার ১০ নম্বর গুনাইঘর (দঃ) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৭৭ নম্বর কাশারিখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে নৌকা ও ঈগল সমর্থকদের মাঝে হাতাহাতির সময় মাটিতে পরে নোয়াব আলী (৬০) নামের নৌকার এক সমর্থকের মৃত্যু হয়েছে।
নোয়াব আলী কাশারীখোলা গ্রামের মৃত আবদি মিয়ার ছেলে।
ওই বৃদ্ধার ছেলে মো: জুয়েল রানা জানান, তার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর তার চাচা মো: সেলিম মাস্টারের (নৌকা সমর্থক) সাথে ভোট দেয়া নিয়ে কথা বলেন। দু’জনই কিছু বিষয় নিয়ে তর্ক করেন। এ সময় ঈগল প্রতীকের কয়েকজন সমর্থক এসে আমার বাবাকে ধাক্কা দিয়ে বাবার গলায় পেঁচানো গামছা ধরে হেচকা টান দিলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় তাকে তুলে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নয়ন মিয়া জানান, ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর ঘটনাটি রাজনৈতিক সহিংসতায় নাকি অন্য কোনো ঘটনায় তা তদন্তের পূর্বে কিছু বলা যাবে না।’
এদিকে ভানী ইউনিয়নের সূর্যপুর ভোট কেন্দ্রে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা জোরপূর্বক ব্যালটে সিলমারা ও ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগে কেন্দ্র স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রের প্রিজাডিং অফিসার সাজ্জাদ হাসান বলেন, হঠাৎ স্বতন্ত্র প্রার্থী ঈগলের লোকজন বিভিন্ন বুথে প্রবেশ করে সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে থেকে হুমকির মুখে ৪টি ব্যালট বই ছিনিয়ে নেন। এর মধ্যে ২টিতে সিল মেরে একটি বাক্সে ফেলেন। অপরটি বাক্সে ফেলতে পারেননি। অপর ২টি বইয়ের হদিস মিলেনি। পরে জেলা রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রের ভোট রয়েছে ৪ হাজার ২৭৬। এদিকে সকাল ১০টার দিকে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের পদ্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন নৌকার সমর্থক ব্যালটে সিল মারার অভিযোগে ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রেহেনা বেগমকে অব্যাহতিসহ সিল মারা ব্যালট বাতিল করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা বলেন, ছোট-খাটো বিচ্ছন্ন কিছু ঘটনা ছাড়া পুরো উপজেলা শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। অনিয়মের অভিযোগে একটি ভোট কেন্দ্র স্থগিত করা হয়েছে।



