ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকায় কাজের কোনো চাপ নাই নির্বাচন অনুষ্ঠানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রার্থীদের এজেন্টদের। আর তাই অলস সময়টুকু আমেজে কাটাতে এবং শীতের হাত থেকে রেহাই পেতে মুখরোচক গরম খাবার প্রস্তুতিতে মেতেছেন তারা। এজন্য ভোগ কেন্দ্রেই করা হয়েছে চা তৈরির আয়োজন।
আনসার বাহিনীর সদস্য ইট দিয়ে চুলা বানিয়ে হাড়ি বসিয়ে কাঠের লাকড়ি জ্বালিয়ে রান্না করা হচ্ছে চা। এমন দৃশ্যই দেখা গেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বাঁশবাড়ী শেরেবাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ওই কেন্দ্রে সরেজমিনে গেলে চোখে পড়ে এই কাণ্ড।
সকাল থেকেই শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশার কারণে প্রথম ৩ ঘন্টা পর্যন্ত এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই শূন্য। বেলা বাড়ার সাথে ভোটার আসতে শুরু করলেও তা ছিল খুবই নগন্য। এই কারণে আরামে আয়েশে মজা করেই কেটেছে সময়। তবে শীতের প্রকোপে কষ্ট হচ্ছিল। তাই ঠান্ডা নিবারণে একটু গরমের ছোঁয়া পেতে চায়ের শরণাপন্ন হতে হয়। সেজন্যই আনসার সদস্যরা নিজেরাই চা তৈরির উদ্যোগ নেয়।
এ ব্যাপারে সেখানে (কেন্দ্র নং-৩৬) দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আব্দুস সবুর বলেন, শীতকাতরতা থেকে বাঁচতে চা খাওয়ার জন্য এই সামান্য ব্যবস্থা। আশেপাশে কোনো দোকান খোলা না থাকায় এমন করা হয়েছে। এতে ভোট গ্রহণে কোনো ব্যাঘাত ঘটছে না। কারণ ভোটারদের তেমন চাপ নাই। বেলা ১২টা পর্যন্ত মাত্র ১০ শতাংশ ভোট পড়েছে। এ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই।



