দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি আসনের ইতিহাসে এর আগে কেউ পরপর তিনবার নির্বাচিত হয়নি।
রোববার (৭ জানুয়ারি) রাতের বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
সর্বমোট ১৯৬টি কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন দুই লাখ ২০ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা নয় হাজার ৫২৬ ভোট এবং আম প্রতীকে ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত প্রার্থী মোস্তফা আল-ইহযায আট হাজার ৪৫৬ ভোট পেয়েছেন।
খাগড়াছড়ির নয় উপজেলার পাঁচ লাখ ১৫ হাজার ৪১৯ জন ভোটারের বিপরীতে ভোট পড়েছে দুই লাখ ৫৭ হাজার ৫৯৩ ভোট। এর মাঝে বাদ পড়েছে ৮৫৭টি ভোট।
এর আগে, ২০১৪ সালে প্রথমবার এবং ২০১৮ সালের নির্বাচনে কুজেন্দ্র লাল ত্রিপুরা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।



